সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশটির সব মসজিদে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ইস্তিসকা আদায়ের আহ্বান জানিয়েছেন। এই বিশেষ ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর দরবারে রহমতের বৃষ্টি এবং দেশের কল্যাণ কামনা করা হবে। আবহাওয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এবং পানির প্রাকৃতিক উৎসগুলোর টেকসই করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আগামী শুক্রবার জুমার নামাজের আধা ঘণ্টা আগে দেশটির সব মসজিদে এই ইস্তিসকার নামাজ আদায় করা হবে। এ উপলক্ষে দেশের সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর ও ইসলামিক বিষয়ক কর্তৃপক্ষ যৌথভাবে মুসল্লিদের সময়মতো মসজিদে উপস্থিত থাকার এবং বিনম্রচিত্তে আল্লাহর কাছে ক্ষমা ও বৃষ্টির জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছে।
দেশটির বিভিন্ন অঞ্চলে দীর্ঘ দিন ধরে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মেলেনি, যার ফলে পরিবেশ ও কৃষির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এই পরিস্থিতিতে ধর্মীয় অনুশাসন ও সুন্নতের অনুসরণে ইস্তিসকা নামাজ আদায়ের মাধ্যমে আমিরাতের নেতৃত্ব জনগণের মধ্যে আধ্যাত্মিক শক্তি ও আশার সঞ্চার করতে চাইছে। এই উদ্যোগে দেশের ধর্মপ্রাণ নাগরিক ও প্রবাসীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক