বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

খুলনায় সাংবাদিক হয়রানি: বিএফইউজে ও এমইউজের নিন্দা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ

মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় খুলনার সাহসী সাংবাদিক সাইফুল্লাহ তারেকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের, তার কিশোর সন্তানকে পুলিশ কর্তৃক তুলে নিয়ে যাওয়া এবং পরিবারের অন্যান্য সদস্যদের অব্যাহতভাবে হয়রানি করার তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ (ডিইউজে) বিভিন্ন সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

সাংবাদিক নেতারা গণমাধ্যমকে জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সংবাদকর্মীর বিরুদ্ধে এমন ন্যাক্কারজনক মামলা এবং তার পরিবারকে হেনস্তা করার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল। অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলেও সাংবাদিকদের কণ্ঠরোধ করতে এ ধরনের নানা দমনপীড়ন চালানো হতো। অথচ একটি গণতান্ত্রিক সমাজে সত্য প্রকাশ করায় সাংবাদিকদের ওপর এই ধরনের নিপীড়ন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক সাইফুল্লাহ তারেকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, তার কিশোর সন্তানকে দ্রুত সসম্মানে মুক্তি দেওয়া এবং এই হয়রানির সঙ্গে জড়িত ও অপকর্মের সঙ্গে সম্পৃক্ত পুলিশ সদস্যদের নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ দেশের বৃহত্তর স্বার্থে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD