বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

পাবনায় নেশার টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ

পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে শিল্পী খাতুন (৩৮) নামের এক অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জহুরুল ইসলামের বিরুদ্ধে। মঙ্গলবার ১৭ নভেম্বর ভোরে উপজেলার এরশাদনগর হাড়িয়াবাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত জহুরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদকের নেশায় আসক্ত ছিল। নেশার টাকার জন্য সে প্রায়শই তার স্ত্রী শিল্পী খাতুনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। নিহত শিল্পী খাতুন চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনার দিন ভোরে নেশার টাকার জন্য স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জহুরুল তার স্ত্রীকে গলা টিপে ধরে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।

খবর পেয়ে ফরিদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত জহুরুল ইসলামকে গ্রেফতারে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা শুরু হয়েছে এবং খুব শীঘ্রই তাকে আইনের আওতায় আনা হবে। এই নির্মম ঘটনায় পুরো এলাকায় গভীর শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD