গাজীপুর শহরে অবস্থিত সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জয়দেবপুর এলাকার ওই বাসায় আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই একদল দুর্বৃত্ত সাবেক এই মন্ত্রীর বাসায় চড়াও হয়ে ভাঙচুর চালায় এবং পরবর্তীতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় বাসাটি মূলত খালি ছিল বলে জানা গেছে।
স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার এবং নানা অনিয়মের অভিযোগে দীর্ঘদিন ধরেই স্থানীয় জনগণের মাঝে ক্ষোভ বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসার ভেতরের বেশ কিছু আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন মন্ত্রী-নেতাদের কর্মকাণ্ড নিয়ে দেশজুড়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। বিশেষ করে ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থাবর-অস্থাবর সম্পত্তিতে হামলার ঘটনা ঘটছে। এই ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরববাংলা টিভি