খুলনায় মশিউর রহমান নামের এক শিক্ষা কর্মকর্তার ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। রোববার রাতে নগরীর মিয়া পাড়া এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটি চায়ের দোকানের সামনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মশিউর রহমান রূপসা উপজেলা শিক্ষা অফিসে হিসাবরক্ষক হিসেবে কর্মরত আছেন। হঠাৎ এমন ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে নিজের ছোট মেয়ের জন্য খাবার কিনতে বাসা থেকে বের হয়েছিলেন মশিউর রহমান। তিনি মিয়া পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটি চায়ের দোকানের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরবর্তীতে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। তবে কি কারণে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনও নিশ্চিত করা যায়নি। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দোষীদের গ্রেফতারে অভিযান শুরু করেছেন। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আরববাংলা টিভি