বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

জনগণের সমস্যা সমাধানে সরকার ব্যর্থ: মঞ্জু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ণ

ক্ষমতায় এসে জনগণের সমস্যা সমাধানে বর্তমান সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পূর্বে নানা প্রতিশ্রুতি দিলেও জনগণের কল্যাণে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণে তারা পুরোপুরি অক্ষমতার পরিচয় দিয়েছে। তারা অতীতে বলেছিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ লাঘবে তাদের সুনির্দিষ্ট একটি পরিকল্পনা রয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করলে স্পষ্টতই দেখা যায়, সরকারের কোনো জনবান্ধব পরিকল্পনা নেই। বরং তাদের একমাত্র পরিকল্পনা হলো দফায় দফায় সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষহ করে তোলা এবং জনগণকে সীমাহীন দুর্ভোগের মধ্যে ফেলা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে সাধারণ মানুষের আয় এবং ব্যয়ের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান তৈরি হয়েছে। ফলে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ চরম বিপাকে পড়েছেন। অতীতে বিভিন্ন স্বৈরাচারী ও জনবিচ্ছিন্ন সরকারের আমলেও সাধারণ মানুষের ওপর এমন অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়নি। বিশেষ করে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসনামলে দেশের অর্থনীতিকে যেভাবে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল, বর্তমান প্রশাসনের নীতিমালায় তার কোনো ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ওই সময়ে গঠিত লুটপাটের সিন্ডিকেটগুলো এখনো সক্রিয় রয়েছে এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা নানাভাবে বাজার ব্যবস্থাপনায় অস্থিরতা তৈরি করছে বলে অভিযোগ রয়েছে।

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকারের উচিত অবিলম্বে দেশের বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপণ্য নিয়ে আসা। অন্যথায় জনগণের ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করবে। দেশের এই ক্রান্তিলগ্নে রাজনীতিবিদ ও নীতিনির্ধারকদের উচিত দলীয় সংকীর্ণতা ভুলে জনগণের মৌলিক অধিকার রক্ষায় এগিয়ে আসা। কিন্তু বর্তমান প্রশাসন যেভাবে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে, তাতে সাধারণ মানুষের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। সরকারের এখনই বোধোদয় না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে তিনি সতর্ক করে দেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD