চিকিৎসাধীন অবস্থায় নওগাঁ জেলা কারাগারের হাজতি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাকির হোসেন নবাবের (৫৮) মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক মৃত্যু ঘটে। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, হাজতি জাকির হোসেন নবাব কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার জীবনাবসান ঘটে।
প্রয়াত জাকির হোসেন নবাব দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। কারা কতৃপক্ষ জানিয়েছে, নিয়ম অনুযায়ী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের বিভিন্ন মামলায় গ্রেফতার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জাকির হোসেন নবাবও কারাবন্দী ছিলেন। কারাগারের ভেতরে বন্দীদের চিকিৎসাসেবা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন ও আলোচনা অব্যাহত রয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক