ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সম্প্রতি দেওয়া বক্তব্যকে চরম অবমাননাকর ও দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি অবিলম্বে সাবেক ছাত্রলীগ সভাপতি, বাকশাল নেতা ও বর্তমান বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমানকে এই মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন।
সাদিক কায়েম গণমাধ্যমকে জানান, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং এর শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এমন নেতিবাচক ও ধৃষ্টতাপূর্ণ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময়ই এ দেশের মুক্তবুদ্ধি চর্চা, গণতান্ত্রিক আন্দোলন এবং অধিকার আদায়ের সংগ্রামের আঁতুড়ঘর হিসেবে কাজ করে আসছে। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য পুরো জাতির জন্যই অপমানজনক।
উল্লেখ্য যে, অতীতে নিষিদ্ধ ছাত্রলীগসহ বিভিন্ন ফ্যাসিবাদী শক্তির কর্মকাণ্ডের কারণে ক্যাম্পাস বারবার কলুষিত হয়েছে। অথচ বর্তমান সময়ে এসেও যদি কেউ এই প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেন, তবে তা সচেতন শিক্ষার্থী সমাজ কখনোই বরদাশত করবে না। সাদিক কায়েম আরও উল্লেখ করেন যে, রাজনীতিতে শালীনতা ও দায়িত্বশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। ফজলুর রহমানকে তার এই বক্তব্যের জন্য দ্রুত জাতির সামনে এবং ঢাবি পরিবারের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
আরববাংলা টিভি/ডেস্ক