নিখোঁজের দীর্ঘ সাড়ে তিন বছর পর হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামনগর গ্রাম থেকে মহব্বত আলী (৩৯) নামের এক কৃষকের কঙ্কাল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুরে পুলিশ উপজেলার রামনগর গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে এই কঙ্কাল উদ্ধার করে। ঘটনার পর থেকে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় সাধারণ মানুষের মধ্যে গভীর আতঙ্ক বিরাজ করছে।
নিহত মহব্বত আলীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিন বছর আগে হঠাৎ করেই রহস্যজনকভাবে নিখোঁজ হন মহব্বত আলী। পরিবারের পক্ষ থেকে সে সময় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে থানায় সাধারণ ডায়েরি ও পরিবারের পক্ষ থেকে দফায় দফায় আকুতি জানানো হলেও এতদিন কোনো কুলকিনারা করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই রহস্য উদঘাটনে মাঠে নামে এবং আধুনিক প্রযুক্তির সহায়তা নেয়।
শুক্রবার দুপুরে ডিবি পুলিশের বিশেষ দল রামনগর গ্রামের ওই বাড়িটিতে অভিযান চালায় এবং বাড়ির সেপটিক ট্যাংক ভেঙে ভেতরে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে মানুষের কঙ্কাল দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা কঙ্কালের অংশবিশেষ দেখে নিখোঁজ মহব্বত আলীর স্বজনেরা কঙ্কালটি তাঁর বলে শনাক্ত করেন। পুলিশ জানিয়েছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না এবং এর সাথে কারা জড়িত, তা উদ্ঘাটনে নিবিড় তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আরববাংলা টিভি/ডেস্ক