শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সাংবাদিকের শারীরিক গঠন নিয়ে ট্রাম্পের কটাক্ষ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৫:৩০ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের ক্যানসাসে নির্ধারিত সমাবেশ বাতিলের কারণ জানতে চাওয়ায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক সাংবাদিকের ওপর চড়াও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এয়ারফোর্স ওয়ান থেকে নামার সময় এই অনভিপ্রেত ঘটনা ঘটে। ক্যানসাসের উইচিটায় একটি বড় রাজনৈতিক সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের, যা শেষ মুহূর্তে বাতিল করা হয়।

বিমান থেকে নামার সময় সাংবাদিকরা সমাবেশ বাতিলের সুনির্দিষ্ট কারণ জানতে চাইলে ডোনাল্ড ট্রাম্প মেজাজ হারিয়ে ফেলেন। তিনি প্রশ্নকর্তা সাংবাদিকের দিকে আঙুল উঁচিয়ে বলেন, আপনাকে দেখতে খুবই বিশ্রী লাগছে! তার এই মন্তব্যে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মধ্যে চরম অসন্তোষ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। হোয়াইট হাউসের প্রেস সচিব পরবর্তীতে এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন প্রেসিডেন্টের এমন আচরণ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের শারীরিক গঠন নিয়ে রাষ্ট্রপ্রধানের এমন কটাক্ষ বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর একধরনের হস্তক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা। অতীতেও বিভিন্ন সময় সংবাদমাধ্যমের সাথে ডোনাল্ড ট্রাম্পের এমন উত্তপ্ত বাক্যবিনিময় ও বৈরী সম্পর্কের নজির রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD