তুরস্কের ১০৩তম জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে হোটেল ঢাকার গ্র্যান্ড বলরুমে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রমিস সেন।
অনুষ্ঠানে কূটনৈতিক কোরের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তুরস্কের রাষ্ট্রদূতকে জাতীয় দিবসের শুভেচ্ছা জানান এবং দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করেন। কূটনৈতিক মহলে এই অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুভাবাপন্ন সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়। তুরস্কের রাষ্ট্রদূত রমিস সেন আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের সঙ্গে তুরস্কের সহযোগিতা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক