নোয়াখালীতে সার ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম, দলীয়করণ, অযোগ্য ব্যক্তিদের ডিলারশিপ প্রদান এবং অবৈধভাবে সার পাচারের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার। সম্প্রতি জেলার সার বিতরণ ব্যবস্থায় নানা ধরণের অব্যবস্থাপনার তথ্য সামনে আসার পর থেকেই স্থানীয় কৃষকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে তিনি এসব অনিয়মের বিস্তারিত তথ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, কৃষি উৎপাদনের সাথে জড়িত সাধারণ কৃষকদের অধিকার রক্ষায় এবং সারের নায্যমূল্য নিশ্চিত করতে অবিলম্বে বর্তমান ডিলার নিয়োগ প্রক্রিয়ার একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির শেকড় যেভাবে প্রোথিত হয়েছিল, তারই ধারাবাহিকতায় এখনও স্থানীয় প্রশাসনের একটি অসাধু চক্র দুর্নীতি চালিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয় যে, প্রকৃত কৃষকদের বঞ্চিত করে দলীয় বিবেচনায় লাইসেন্স প্রদান করার কারণে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। এর ফলে প্রান্তিক কৃষকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অবিলম্বে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত ও অভিজ্ঞ ব্যবসায়ীদের মাঝে সার ডিলারশিপ পুনর্বণ্টনের জোর দাবি জানান জামায়াত নেতারা। অন্যথায় কৃষকদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারিও উচ্চারণ করা হয়।
আরববাংলা টিভি/ডেস্ক