বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

এক সপ্তাহের মধ্যে পোশাক খাতের মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১০:২৬ অপরাহ্ণ

তৈরি পোশাক শিল্পে উদ্ভূত শ্রম অসন্তোষ নিরসন ও দেশের অর্থনীতির গতিশীলতা বজায় রেখে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে আগামী এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ডের গেজেট প্রকাশের ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বর্তমান সরকারের শ্রমবান্ধব নীতির অংশ হিসেবে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

বুধবার বিকেলে গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে আয়োজিত এক বিশেষ বৈঠকে এই ঘোষণা দেন মন্ত্রী। সাম্প্রতিক সময়ে পোশাক শিল্পে বিভিন্ন দাবি নিয়ে শ্রমিকদের আন্দোলন ও অসন্তোষের প্রেক্ষাপটে এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৈঠকে স্থানীয় প্রশাসন, পোশাক শিল্প মালিক সমিতির প্রতিনিধি এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, দেশের অর্থনীতিতে পোশাক খাতের অবদান অনস্বীকার্য এবং শ্রমিক ভাই-বোনেরাই এই খাতের মূল চালিকাশক্তি। তাদের নায্য পাওনা ও জীবনমান উন্নয়নের বিষয়টি বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে শ্রমিকদের ওপর বিভিন্ন সময় দমন-পীড়ন চালানো হয়েছিল এবং তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। সেই বৈষম্যমূলক ব্যবস্থার অবসান ঘটিয়ে আজ দেশের গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক শ্রমবাজার গড়ে তোলা হচ্ছে।

মজুরি বোর্ডের গেজেট প্রকাশের এই ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন শ্রমিক নেতারা। তারা আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশিত হলে শ্রমিক অসন্তোষের অবসান ঘটবে এবং কারখানায় উৎপাদন স্বাভাবিক ধারায় ফিরে আসবে। একইসঙ্গে মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও সরকারের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD