শ্রমিকের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণসহ সব শ্রেণি-পেশার শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি মনে করেন, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন এবং শিল্প খাতের স্থিতিশীলতা বজায় রাখার জন্য শ্রমিকদের নায্য অধিকার নিশ্চিত করার বিকল্প নেই।
তিনি এক বক্তব্যে বলেন, শ্রমিকের অধিকার আদায়ের পরিবর্তে কোনো কোনো ট্রেড ইউনিয়ন দল কিংবা ব্যক্তির সংকীর্ণ স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও শ্রমিক সমাজের জন্য ক্ষতিকর। ট্রেড ইউনিয়নের প্রকৃত লক্ষ্য হওয়া উচিত শ্রমজীবী মানুষের কল্যাণ সাধন, অথচ অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে শ্রমিকদের অধিকার দলীয় স্বার্থে ব্যবহৃত হয়েছে। পাশাপাশি, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে শ্রমিকদের ওপর নানা ধরনের দমনপীড়ন চালানো হয়েছিল এবং তাদের নায্য দাবিগুলো নির্মমভাবে দমন করা হয়েছিল।
বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে শ্রমিক সমাজের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে হবে এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বক্তারা বলেন, কলকারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ করা এখন সময়ের দাবি। দেশের এই গুরুত্বপূর্ণ খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয় এবং শ্রমিকদের নায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
আরববাংলা টিভি/ডেস্ক