ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার হিমাংশু ভাউ ওরফে হিমাংশু রিটোলিয়াকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া হিমাংশুর সহযোগী আরেক কুখ্যাত গ্যাংস্টার নীরজ ফরিদপুরিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই লাস ভেগাস থেকে তাদের গ্রেপ্তার করে। যুক্তরাষ্ট্রে থেকেই ভারতের অভ্যন্তরে নানা অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করছিল এই চক্রটি। আন্তর্জাতিক অপরাধ চক্রগুলোর নেটওয়ার্ক ভাঙতে মার্কিন গোয়েন্দা সংস্থার এই অভিযানকে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
দীর্ঘদিন ধরে এই গ্যাংস্টারদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো চেষ্টা চালিয়ে আসছিল। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবং যৌথ অভিযের মাধ্যমে লাস ভেগাস থেকে তাদের পাকড়াও করা হয়। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই গ্রেপ্তারের ফলে দুই দেশের নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্র আরও সুদৃঢ় হবে এবং আন্তঃসীমান্ত অপরাধ দমন প্রক্রিয়া ত্বরান্বিত হবে। অপরাধ জগতের শীর্ষ এই দুই পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে ইতিমধ্যে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরববাংলা টিভি/ডেস্ক