বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে অবসরপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাদের সংগঠন ‘রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্ম (আরবিওপি)’। সম্প্রতি ঘটে যাওয়া এই অনভিপ্রেত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংগঠনের সভাপতি ও সাবেক সচিব মোহাম্মদ আবদুল কাইয়ূম এবং মহাসচিবসহ অন্যান্য নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বলকারী এবং দেশের ক্রান্তিলাগ্নে দায়িত্ব পালনকারী একজন প্রথিতযশা ব্যক্তিত্বকে এভাবে হেনস্তা করা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। দেশের বিশিষ্ট নাগরিক ও বুদ্ধিজীবীদের নিরাপত্তা এবং সম্মান রক্ষায় সংশ্লিষ্ট মহলের আরও দায়িত্বশীল আচরণ করা উচিত বলে মনে করেন এই সাবেক আমলারা।
সাংবাদিকদের কাছে পাঠানো ওই প্রতিক্রিয়ায় নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন যে, বর্তমান ও সাবেক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবৃন্দের মর্যাদা ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টা জাতীয় ঐক্যের পরিপন্থী। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং দোষীদের সুনির্দিষ্ট আইনের আওায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান তারা। একইসঙ্গে দেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলকে ধৈর্য ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান আরবিওপির শীর্ষ নেতৃবৃন্দ।
আরববাংলা টিভি/ডেস্ক