মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফলভাবে বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে ৩৮টি জেলার ১১১ জন সংসদ সদস্যকে আধা সরকারি পত্র অর্থাৎ ডিও লেটার দেওয়া হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় থেকে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মৎস্যসম্পদ রক্ষা এবং জাতীয় অর্থনীতিতে ইলিশের অবদান অক্ষুণ্ণ রাখার জন্য এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে, স্থানীয় সংসদ সদস্যরা মাঠে সক্রিয় থাকলে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকার রোধ করা সম্ভব হবে। উপকূলীয় ও নদীতীরবর্তী জেলাগুলোতে এই অভিযান সফল করতে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
অতীতেও মা ইলিশ সংরক্ষণের জন্য বিভিন্ন সময়ে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এবার জনপ্রতিনিধিদের সরাসরি সম্পৃক্ত করার ফলে মাঠপর্যায়ে এর সুফল আরও ভালোভাবে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করছেন নীতিনির্ধারকরা। বর্তমান সরকারের এই সময়োপযোগী পদক্ষেপে দেশের মৎস্য খাতের উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মৎস্যজীবীদের মাঝে সচেতনতা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক