রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় দায়ের করা মামলাকে সম্পূর্ণ পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগর আহ্বায়ক আতিকুর রহমান। তিনি দাবি করেন, সার ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং এর প্রতিবাদ করার কারণেই তাদের মুখ বন্ধ করতে এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই ধরনের দমনমূলক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে তিনি অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনসিপি নেতা আতিকুর রহমান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের মৌলিক অধিকার ও নায্য দাবি আদায়ের আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই একটি বিশেষ মহল এমন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। বিগত দিনে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলেও ঠিক এভাবেই ভিন্নমত দমনের অপচেষ্টা চালানো হতো। দেশের গণতন্ত্রকামী মানুষ এখন আর কোনো ধরনের অন্যায় ও বৈষম্য মেনে নেবে না। স্থানীয় প্রশাসনের এহেন পক্ষপাতদুষ্ট আচরণের তীব্র সমালোচনা করে তিনি বলেন, সার সংকটের কারণে কৃষকরা যখন চরম দুর্ভোগ পোহাচ্ছেন, তখন দুর্নীতিবাজদের রক্ষা করতে প্রশাসন ব্যস্ত হয়ে পড়েছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে স্থানীয় কৃষকদের অধিকার রক্ষা এবং সার বিতরণে অনিয়মের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছিলেন। সেই আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে এবং নেতাকর্মীদের হয়রানি করতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে দেশের বিভিন্ন স্থানে কার্যতম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ চক্রের অবশিষ্টাংশ বিভিন্ন মাধ্যমে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে এসব অপতৎপরতা রুখে দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এনসিপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী ও দেশপ্রেমিক জনতা সর্বদা সজাগ রয়েছে বলে জানান আতিকুর রহমান।
আরববাংলা টিভি/ডেস্ক