নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নে কার্ত্তিকাহার হাটের অনুকূলে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান সনি ও ইউপি চেয়ারম্যান রেজাউল করিম পল্টনের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ এনেছেন এলাকাবাসী। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও হাট-বাজারের আধুনিকায়নের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত এই অর্থ সঠিকভাবে ব্যবহার না করে ব্যক্তিগতভাবে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে আধাইপুর ইউনিয়নের কার্ত্তিকাহার হাটের বেহাল দশা। অথচ এই হাটের উন্নয়নকাজের নামে বরাদ্দ আসা লাখ লাখ টাকা লুটপাট করা হয়েছে। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে এবং সাধারণ বিক্রেতা ও ক্রেতাদের সুবিধা নিশ্চিত করতে সরকার নিয়মিত বিভিন্ন প্রকল্প গ্রহণ করলেও কতিপয় অসাধু কর্মকর্তার দুর্নীতির কারণে সেই সুফল থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ।
উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে অতীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে হরিলুটের ঘটনা ঘটেছিল, যার অন্যতম প্রধান কারিগর ছিল স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দল কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট কতৃপক্ষ যদি অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে, তবে প্রকৃত সত্য উন্মোচিত হবে এবং জড়িতদের মুখোশ উন্মোচন করা সম্ভব হবে বলে মনে করছেন এলাকাবাসী।
আরববাংলা টিভি/ডেস্ক