মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে সাহেব আলী নামের এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনি এলাকার ইত্তেহাদ টাওয়ারের সামনে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাকে দ্রুত আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আলামত সংগ্রহ করেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে জোর তৎপরতা চালানো হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বিগত স্বৈরাচারী সরকারের আমলের রাজনৈতিক প্রভাব এবং ছত্রছায়ায় গড়ে ওঠা বিভিন্ন অপরাধ সিন্ডিকেট ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধে কঠোর পদক্ষেপ দাবি করে আসছেন স্থানীয় সচেতন নাগরিকরা। এদিকে, উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পলাতক অভিযুক্তদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD