হাইস্কুলে অপর্যাপ্ত বিনিয়োগের অভিযোগ তুলে ফ্রান্সে শিক্ষার্থী, অভিভাবক ও ট্রেড ইউনিয়নগুলো ব্যাপক বিক্ষোভ শুরু করেছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে প্রায় এক হাজার ৮৯১টি হাইস্কুল অবরুদ্ধ রয়েছে কিংবা সরকার নিজেই সেগুলো বন্ধ রাখতে বাধ্য হয়েছে। শিক্ষাখাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে রাজপথে নেমেছে হাজার হাজার শিক্ষার্থী।
ফ্রান্সের ৩০টিরও বেশি শহরে এই আন্দোলনের প্রভাব পড়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত অর্থায়ন করা হচ্ছে না, যার ফলে শ্রেণিকক্ষ সংকট, শিক্ষক স্বল্পতা এবং গবেষণাগারের আধুনিকায়ন ব্যাহত হচ্ছে। সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানো হলেও আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় রয়েছেন এবং যতদিন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসছে, ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
ইউরোপীয় এই দেশটিতে শিক্ষার মান উন্নয়নের দাবিতে এই আন্দোলন নতুন মাত্রা যোগ করেছে। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সরকারের সংশ্লিষ্ট মহল জানিয়েছে যে, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো নিয়ে তারা পর্যালোচনার কাজ শুরু করেছেন এবং দ্রুত একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে।
আরববাংলা টিভি/ডেস্ক