দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় এক নারী ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় লোকজনের তৎপরতায় তারা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি।
মঙ্গলবার বিকেল পর্যন্ত ওই নারী ও শিশু সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিল। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়। সীমান্ত সুরক্ষায় বাংলাদেশ অংশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সীমান্তের নিরাপত্তা রক্ষা ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয় জনতা ও বিজিবির এই সময়োপযোগী পদক্ষেপে দেশের সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।
আরববাংলা টিভি/ডেস্ক