প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ গৌরনদী ও আগৈলঝাড়া আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, মৎস্য চাষ আমাদের জন্য একটি কার্যকরী অর্থনীতি হতে পারে, যদি আমাদের প্রত্যেকটা পুকুর, জলাশয় ও খাল-বিলকে আমরা মৎস্য চাষ উপযোগী করতে পারি।
মঙ্গলবার গৌরনদীতে সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুরগুলোতে মৎস্য অবমুক্তকরণ ও চাষাবাদ কার্যক্রম পরিদর্শনের সময় তিনি এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি আরও উল্লেখ করেন যে, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে কৃষির পাশাপাশি মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে কৃষি ও মৎস্য খাত চরম অবহেলার শিকার হয়েছিল। ফ্যাসিস্ট সরকারের ভুল নীতি এবং দুর্নীতির কারণে প্রান্তিক কৃষক ও মৎস্যজীবীরা তাদের নায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছেন।
বর্তমানে দেশের অর্থনীতিকে পুনর্গঠন করতে হলে আমাদের অভ্যন্তরীণ সম্পদগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে মাছ চাষের পরিধি আরও বৃদ্ধি করতে হবে। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মৎস্য চাষের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং পুষ্টির চাহিদা পূরণের ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।
আরববাংলা টিভি/ডেস্ক