শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

শনিবার বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়ার ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ডেপুটি হাইকমিশনের দিকে অগ্রসর হওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড দিয়ে তাদের পথরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আয়োজকদের দাবি, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান হামলা ও নিপীড়নের প্রতিবাদেই তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি। তবে ভারতীয় প্রশাসনের পক্ষ থেকে কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বিভিন্ন মহলে নানা ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশটিতে বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে নানা দাবিদাওয়া উত্থাপিত হচ্ছে। এর আগে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর নানা কার্যক্রমের প্রতিবাদে দেশজুড়ে সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দল সোচ্চার ছিল। একইভাবে প্রতিবেশী দেশ ভারতেও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি অব্যাহত রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD