সড়ক দুর্ঘটনা কমানো ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য ১২টি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পুলিশ। সম্প্রতি বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। মূলত সড়ক শৃঙ্খলা ফেরাতে এবং চালকদের সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিশের দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, গাড়ি চালনার সময় কোনো অবস্থাতেই মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। সিট বেল্ট বাঁধা বাধ্যতামূলক করা হয়েছে এবং মোটরসাইকেল চালক ও আরোহী উভয়কেই মানসম্মত হেলমেট পরিধান করতে হবে। এছাড়া নির্ধারিত গতির বেশি গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকা এবং ট্রাফিক আইন ও সিগন্যাল কঠোরভাবে মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মদ্যপ অবস্থায় বা নেশাজাতীয় দ্রব্য সেবন করে কোনোভাবেই গাড়ি বা মোটরসাইকেল চালানো যাবে না। ওভারটেকিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে এবং গাড়ির ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র সবসময় হালনাগাদ রাখতে হবে। পথচারীদের চলাচলের জন্য জেব্রা ক্রসিংয়ে তাদের অগ্রাধিকার দিতে হবে।
সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে যে, পুলিশের এই ১২টি নির্দেশনা সাধারণ চালক ও মোটর সাইকেল আরোহীরা সঠিকভাবে মেনে চললে দেশের সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে এবং যাত্রাপথ আরও নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ হয়ে উঠবে।
আরববাংলা টিভি/ডেস্ক