সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ মোট নয়জন নিহত হয়েছেন। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় গণমাধ্যমকে দেওয়া তথ্যে জানা গেছে, একটি গাড়িতে থাকা নিহতদের মধ্যে ছিলেন স্বামী-স্ত্রী এবং তাদের তিন ছেলে ও দুই মেয়ে। তারা সবাই একই পরিবারের সদস্য ছিলেন। এছাড়া দ্বিতীয় গাড়িটিতে থাকা দুই তরুণও এই মারাত্মক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের ট্রাফিক বিভাগ এবং উদ্ধারকর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অতিরিক্ত গতি এবং অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। প্রবাসী বাংলাদেশিরাও এই মর্মান্তিক সংবাদে গভীর শোক প্রকাশ করেছেন।
আরববাংলা টিভি/ডেস্ক