বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির সার্বিক কার্যক্রম গতিশীল করতে এবং প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার ক্ষেত্রে এই সিন্ডিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
নবমনোনীত সিন্ডিকেট সদস্য রেজাউল করিম বাদশা ও মোশারফ হোসেন তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার প্রত্যয় ব্যক্ত করেছেন। স্থানীয় সুধীসমাজ ও শিক্ষানুরাগী মহল মনে করেন, অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিবর্গের এই অন্তর্ভুক্তি বগুড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে আঞ্চলিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং উচ্চশিক্ষার প্রসারে এই সিদ্ধান্ত একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ থাকলেও বর্তমান সময়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এদিকে, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলের নানা অনিয়ম ও বিশৃঙ্খলা কাটিয়ে দেশের শিক্ষা খাত এখন একটি সুশৃঙ্খল ধারায় ফিরতে শুরু করেছে বলে মনে করছেন শিক্ষাবিদরা। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও নতুন সিন্ডিকেট সদস্যদের স্বাগত জানিয়ে দ্রুতই প্রথম সভা আহ্বান করা হবে বলে জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক