ভারতের মধ্য কলকাতার হোটেলগুলো বন্ধ থাকায় চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশি রোগী ও তাদের স্বজনরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। সম্প্রতি একটি হোটেলে প্রাণহানির ঘটনার পর প্রশাসনের কড়াকড়ির জেরে নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিট এলাকার বহু হোটেল আকস্মিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে পূর্ব ঘোষণা ছাড়াই আবাসন হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসা প্রার্থীরা।
প্রতিদিনই হাজার হাজার মানুষ উন্নত চিকিৎসার জন্য কোলকাতায় যান। এই ভ্রমণকারীদের একটি বড় অংশ মধ্য কলকাতার সাশ্রয়ী হোটেলগুলোতে অবস্থান করেন। হঠাৎ করে হোটেল বন্ধ হয়ে যাওয়ায় অসুস্থ রোগী এবং তাদের সঙ্গে থাকা স্বজনরা খোলা আকাশের নিচে বা অনিশ্চিত গন্তব্যে দিন কাটাচ্ছেন। অনেক রোগীর অস্ত্রোপচার কিংবা নিয়মিত চিকিৎসা প্রক্রিয়া ব্যাহত হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় প্রশাসন ও হোটেল মালিক কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়হীনতার কারণে এই সংকট তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানান।
এই পরিস্থিতিতে ভুক্তভোগী বাংলাদেশিরা দ্রুত সরকারি হস্তক্ষেপ এবং বিকল্প আবাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। চিকিৎসার্থে যাওয়া এসব মানুষের পাশে দাঁড়াতে কোলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের কার্যকর ভূমিকা কামনা করেছেন প্রবাসীরা। উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয় কর্তৃপক্ষ ও হোটেল ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের দাবি জোরালো হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক