ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন চার পুরুষ, তিন নারী ও দুই শিশুসহ মোট নয়জন বাংলাদেশি নাগরিক। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম কিংবা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ভারতে অবস্থান করার অভিযোগে বিভিন্ন সময়ে ভারতীয় আইনপ্রয়োগকারী সংস্থার হাতে আটক হন এই বাংলাদেশিরা। পরবর্তীতে স্থানীয় আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে। সাজা ভোগ শেষে দুই দেশের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে ট্রাভেল পারমিটের ভিত্তিতে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের জানান, ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি নড়াইল, রাজবাড়ী ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করার জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে মানবাধিকার সংস্থা ও স্থানীয় প্রশাসনও প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।
আরববাংলা টিভি/ডেস্ক