শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্প

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণ

ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, চাঁদপুরে বিদ্যুৎ সংকট নিরসন, কৃষির সঙ্গে বিদ্যুৎ উৎপাদন এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭ থেকে ৮ হাজার একর জমির ওপর বড় ধরনের একটি অ্যাগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের এই তথ্য জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বেগবান করা এবং জ্বালানি খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করা। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন বড় প্রকল্পে হরিলুট ও অনিয়ম হলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন যে, এই অ্যাগ্রোভোল্টাইক প্রকল্পের মাধ্যমে একই সঙ্গে কৃষিকাজ এবং সৌরবিদ্যুৎ উৎপাদিত হবে, যা দেশের খাদ্য নিরাপত্তা বজায় রাখতে এবং বিদ্যুৎ খাতের আমদানিনির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রকল্পে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে বিডা ও ইনভেস্ট বাংলাদেশ।

প্রকল্পটির কাজ দ্রুত শুরু করার জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে কাজ করছে বলে তিনি গণমাধ্যমকে জানান। এর ফলে ওই অঞ্চলে হাজার হাজার বেকারের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD