রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে মনোয়ারা বেগম (৬০) নামের এক নারীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন তাঁর স্বামী মফিজুল হক (৭৫)। শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নিচটোপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দম্পতির মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকেলে হঠাৎ করেই তাদের ঘর থেকে চিৎকার ও গোঙানির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। পরে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান এবং অনেক ডাকাডাকির পরও কোনো সাড়শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ভেতরে প্রবেশ করে তারা দেখতে পান, মনোয়ারা বেগমের রক্তাক্ত মরদেহ মাটিতে পড়ে রয়েছে এবং তাঁর স্বামী মফিজুল হকের মরদেহ ঘরের তীরের সঙ্গে ঝুলছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় শিবগঞ্জ থানা পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্বের চরম পর্যায়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন মফিজুল হক। পরে নিজের অপরাধবোধ বা ক্ষোভের বশে তিনি নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্টভাবে জানা সম্ভব হবে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং পুলিশ আইনগত বিষয়টি খতিয়ে দেখছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD