গত তিন বছরেরও কম সময়ে রেকর্ড ৬০ লাখ আফগান শরণার্থী নিজেদের দেশে ফিরে গেছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে সংস্থাটি এই তথ্য জানিয়েছে।
ইউএনএইচসিআর জানায়, দশকের পর দশক ধরে চলা সংঘাত, রাজনৈতিক অনিশ্চয়তা এবং অর্থনৈতিক সংকটের কারণে লাখ লাখ আফগান নাগরিক দেশত্যাগে বাধ্য হয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবং নিজ ভূমির টানে বিপুল সংখ্যক মানুষ ফিরে আসছেন। জাতিসংঘের এই সংস্থাটি প্রত্যাবাসনকারী এসব মানুষের পুনর্বাসন এবং তাদের মৌলিক অধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহযোগিতা কামনা করেছে।
আফগানিস্তানের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতিতে এই বিশাল সংখ্যক মানুষের ফিরে আসা দেশটির অর্থনীতি ও সামাজিক অবকাঠামোর ওপর একটি বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যাবাসনকারীদের সার্বিক সহায়তা প্রদানে তারা কাজ করে যাচ্ছেন। আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থাও এই সংকটে আফগানিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
আরববাংলা টিভি/ডেস্ক