যশোরের চৌগাছায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি ১৩৪ জন শিক্ষার্থীকে জমকালো আয়োজনের মাধ্যমে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর জেলা আমীর মাওলানা গোলাম রসুল বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কেবল পুঁথিগত বিদ্যার ওপর নির্ভর করলে চলবে না, বরং নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ডা. মোসলেহ উদ্দীন বলেন, মেধা, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে একটি ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে। অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার পাঁয়তারা করা হয়েছিল। কিন্তু দেশের ছাত্রসমাজ ও মেধার শক্তি সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন এবং শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করতে হবে।
তিনি আরও বলেন, বিগত দিনে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসর নিষিদ্ধ ছাত্রলীগ দেশের শিক্ষাঙ্গনগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে আধিপত্য বিস্তার করা হয়েছিল। তবে ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে সেই অন্ধকার যুগের অবসান ঘটেছে। এখন সময় এসেছে তরুণ প্রজন্মকে সামনে এগিয়ে যাওয়ার এবং সততার আলোয় সমাজকে আলোকিত করার।
অনুষ্ঠানে সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরাও তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, এই সম্মাননা তাদের আগামী দিনে আরও বেশি অনুপ্রাণিত করবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
আরববাংলা টিভি/ডেস্ক