চুয়াডাঙ্গা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৬৭ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান রোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
২৯ আগস্ট চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীন দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক ও বিভিন্ন চোরাচালানি পণ্য প্রবেশের খবর পেয়ে আগে থেকেই তৎপর ছিল বিজিবির একটি বিশেষ দল। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ফেনসিডিল, মদ ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য। এছাড়া বিভিন্ন ধরনের প্রসাধন সামগ্রী ও কাপড় চোরাচালানের মাধ্যমে নিয়ে আসার সময় জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৬৭ লাখ টাকা। সীমান্ত সুরক্ষায় এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক