বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

সোনাহাট স্থলবন্দর পরিদর্শন করল ভুটানের প্রতিনিধিদল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১৯ পূর্বাহ্ণ

কুড়িগ্রামে প্রস্তাবিত ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সাথে সোনাহাট স্থলবন্দরের যোগাযোগব্যবস্থা, দূরত্ব ও পণ্য পরিবহনের সম্ভাবনা যাচাই করতে স্থলবন্দরটি পরিদর্শন করেছে ভুটানের একটি উচ্চপর্যায়ের বাণিজ্যিক প্রতিনিধি দল। বুধবার বিকেলে সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে আসে প্রতিনিধি দলটি।

পরিদর্শনকালে ভুটানি প্রতিনিধি দলটি স্থলবন্দরের অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং আমদানি-রপ্তানি কার্যক্রমের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও বন্দর কর্তৃপক্ষের সাথে এক বৈঠকে দুই দেশের মধ্যকার বাণিজ্যের প্রসারে বিভিন্ন সম্ভাবনাময় দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিনিধি দলের সদস্যরা জানান, প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল চালুর পর এই স্থলবন্দরটি আঞ্চলিক বাণিজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। বিশেষ করে ভুটান ও বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহন আরও সহজ ও সাশ্রয়ী করতে সোনাহাট স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন অত্যন্ত জরুরি বলে তারা মন্তব্য করেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন যে, ভুটানের সাথে এই বাণিজ্যিক অংশীদারিত্ব ভবিষ্যতে দেশের উত্তরাঞ্চলের অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। পরিদর্শনের শেষ পর্যায়ে প্রতিনিধি দলটি বন্দরের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD