কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেছেন, গত নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। দল মত নির্বিশেষে সবাই আমাকে এমপি বানিয়েছেন। আমি যদি বেঁচে থাকি বিএনপির প্রতিটি কর্মীর ঋণ পরিশোধ করব। আপনাদের সবাইকে যার যার যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে। সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার বদ্ধপরিকর। বিশেষ করে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।
কুমিল্লা বুড়িচং উপজেলা ও এর আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। মাদকের সঙ্গে যুক্ত কোনো প্রভাবশালী বা অপরাধীচক্রকে ছাড় দেওয়া হবে না। জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার পর থেকেই দেশের প্রতিটি অঞ্চলে সুশাসন প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে থেকে সেবা করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার উন্নয়নমূলক বিভিন্ন দিক তুলে ধরে মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সকলকে সম্পৃক্ত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
ডেস্ক রিপোর্ট