নওগাঁর সাপাহারে রুবেল হক (২৬) নামে এক গ্রাম পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার গোয়ালা ইউনিয়নের গোয়ালা কদমডাঙ্গা গ্রামের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুবেল হক ওই গ্রামের বাসিন্দা এবং তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে স্থানীয় লোকজন গোয়ালা কদমডাঙ্গা গ্রামের একটি আমবাগানের গাছের সঙ্গে রুবেলের মরদেহ ঝুলতে দেখতে পান। বিষয়টি দ্রুত জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে সাপাহার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত করা সম্ভব হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিহতের পরিবার ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ডেস্ক রিপোর্ট