বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

মিসরে বাস দুর্ঘটনায় নিহত ১৬, আহত ২৮

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৭ pm

মিসরের দক্ষিণ সিনাই প্রদেশে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত ১৬ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনাটি ডাহাব-নুওয়েবা সড়কের আল-সাদা এলাকার আগে নুওয়েবার অভিমুখে সংঘটিত হয়। ঘটনার পরপরই দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক তথ্যে জানা গেছে, অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায়ই সড়ক দুর্ঘটনার মতো মর্মান্তিক ঘটনা ঘটে থাকে। বিশেষ করে দীর্ঘ দূরত্বের মহাসড়কগুলোতে যানবাহনের বেপরোয়া গতি এবং ট্রাফিক আইন না মানার প্রবণতাই এসব দুর্ঘটনার প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মিসরীয় সরকার সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা কমাতে বিভিন্ন সময় নানা পদক্ষেপ নিলেও পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি।

এদিকে এই ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD