জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “দেশের ৭০ শতাংশ মানুষের গণভোটের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছে।”
বুধবার (২২ জুলাই) বিকেলে কুড়িগ্রাম শহরে ‘দেশ গড়তে জুলাই জাগরণের পদযাত্রা’ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা এনসিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “২০২৪ সালের আন্দোলনে জীবন দেওয়া মানুষগুলোর খুনিদের টাকার বিনিময়ে ছাড়িয়ে নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। খুনিদের রক্ষার জন্য তারা ট্রাইব্যুনালে নিজেদের পছন্দের লোক বসিয়েছে। ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি মসজিদ কমিটিও তারা দখলে নিয়েছে।”
তিনি বলেন, “আমরা বলেছিলাম, আবু সাইদের রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। কিন্তু তারা আবু সাইদের স্বপ্নকে ভঙ্গ করেছে।”
বিএনপির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, “দেশের ৭০ ভাগ মানুষের গণভোটের দাবির বিরুদ্ধে গিয়ে তারা শেখ হাসিনার সংবিধান, মুজিববাদী সংবিধান ও ভারতীয় স্বার্থ বাস্তবায়নে কাজ করছে। ২০০ আসন পেয়ে বিএনপির পাখনা গজিয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার না হলে সেই পাখনা ভেঙে মাটিতে পড়বে।”