মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

তেল স্থাপনায় হামলার পর ইরানকে কঠোর হুঁশিয়ারি আমিরাতের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ১১:১৩ am

গতকাল সোমবার তেল স্থাপনায় ইরানের ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলাকে ‘বিশ্বাসঘাতকতা পূর্ণ’ ও ‘সন্ত্রাসী’ হামলা বলে উল্লেখ করেছে সংযুক্ত আরব আমিরাত। ভবিষ্যতে এ ধরনের হামলা হলে যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে আমিরাত।

গতকাল আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “সংযুক্ত আরব আমিরাত তার সার্বভৌমত্ব রক্ষা করতে দ্বিধা করবে না এবং আন্তর্জাতিক আইন মেনেই ধরনের হামলার জবাব দেওয়ার অধিকার এবং ক্ষমতা আমিরাত রাখে”, বলা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই সোমবার মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা এমিরেতে অবস্থিত ফুজেইরা অয়েল ইন্ডাস্ট্রি জোনে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ফুজেইরা অয়েল ইন্ডাস্ট্রি জোনে তেল শোধনাগার এবং একাধিক ডিপো রয়েছে। শোধনাগারটি আমিরাতের পূর্বাঞ্চলের প্রধান জ্বালানি স্থাপনা।

গতকাল সোমবার এক বিবৃতিতে ফুজাইরা এমিরেতের জনসংযোগ বিভাগ জানিয়েছে, ইরানের ড্রোন হামলা অয়েল ইন্ডাস্ট্রি জোনে বড় আগুনের সূত্রপাত হয়েছিল। সেই আগুনে ৩ জন আহত হয়েছেন এবং তারা সবাই ভারতীয় নাগরিক। আহতদের ক্ষত মাঝারি এবং তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

প্রতিষ্ঠানের কর্মী এবং বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মীদের তৎপরতায় অবশ্য অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে ফুজাইরা এমিরেতের জনসংযোগ বিভাগ।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত কাল ইরান থেকে চারটি ক্ষেপণাস্ত্র আমিরাতকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। এগুলোর মধ্যে ৩টিকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দিতে পেরেছে বিমান বাহিনী। তবে একটিকে আটকানো যায়নি। সেটি সাগরে পতিত হয়েছে।

এই ক্ষেপণাস্ত্র হামলার পরেই আমিরাতের তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান।

সূত্র : আনাদোলু এজেন্সি, বিবিসি

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD