পুলিশের দীর্ঘদিনের যানবাহনসংকট নিরসন, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম জোরদারের লক্ষ্যে ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার জন্য ৬ হাজার ৬০৮ দশমিক ১৪ কোটি টাকা বরাদ্দের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে পুলিশের গতিশীলতা বাড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ লক্ষ্যে মন্ত্রণালয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির অর্থাৎ একনেক সভায় অনুমোদনের জন্য প্রস্তাবটি প্রেরণ করেছে। বিগত বছরগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে এবং অপরাধ দমন কার্যক্রমে পুলিশের যানবাহনসংকট একটি বড় বাধা হিসেবে চিহ্নিত হয়ে আসছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে মাঠপর্যায়ে পুলিশের টহল কার্যক্রম আরও জোরদার হবে এবং জরুরি সেবা প্রদান প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করছেন নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তারা।
আরববাংলা টিভি/ডেস্ক