মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান পরিচালনা করেছে। এই সাঁড়াশি অভিযানে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়াকড়ি আরও বাড়িয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সাম্প্রতিক সাপ্তাহিক প্রতিবেদনে জানানো হয়, মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশজুড়ে অভিযান চালিয়ে মোট ১১ হাজার ৯৫২ জন প্রবাসীকে আটক করা হয়েছে। মূলত বৈধ কাগজপত্র ছাড়া বসবাস এবং কর্মসংস্থানের নিয়ম লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছে সৌদি প্রশাসন। এরই অংশ হিসেবে একই নির্দিষ্ট সময়ে আইনি প্রক্রিয়া শেষে ১১ হাজার ৪১৮ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া আরও অনেককে দেশত্যাগের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রবাসীদের আইন মেনে চলার বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে বারবার সতর্কবার্তা দেওয়া হলেও অনেকে তা অমান্য করে বিভিন্ন জটিলতায় জড়িয়ে পড়ছেন। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অবৈধ অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরববাংলা টিভি