শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে মোট ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দাবিতে শ্রমিকদের আন্দোলন এবং বিভিন্ন কারখানায় অস্থিরতা তৈরির চেষ্টার প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত কয়েক দিন ধরে সাভার, আশুলিয়া, গাজীপুর এবং নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় কিছু স্বার্থান্বেষী মহলের উসকানিতে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চলছে। এর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের মদদ রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ মিলে এই শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে।
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জানিয়েছে, সাধারণ শ্রমিকদের ন্যায়সংগত দাবির প্রতি সরকার সবসময় সহানুভূতিশীল। তবে একটি কুচক্রী মহল শিল্প খাতে উৎপাদন ব্যাহত করতে এবং দেশের অর্থনীতিকে ধ্সিয়ে দিতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই পরিস্থিতিতে দেশের সার্বিক অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে এবং শিল্পকারখানার নিরাপত্তা বিধানের জন্যই বিজিবি মোতায়েনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গোয়েন্দা নজরদারিও ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা কঠোরহস্তে দমন করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে থমথমে ভাব কাটতে শুরু করেছে এবং বিজিবির টহলের কারণে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে।
আরববাংলা টিভি