গোপালগঞ্জ জেলা শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লগি-বৈঠা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। জেলা শহর আজ কার্যত তাদের দখলে ছিল। বেলা ১১টায় জেলা সদরের আশপাশের এলাকা থেকে এবং বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যানগাড়ি, বাস ও ট্রাকে করে দলটির নেতাকর্মীরা শহরে প্রবেশ করে এবং বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপন করা ব্যারিকেড ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ পথচারীরা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনা করে আসছে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে আকস্মিক এই তাণ্ডবে শহরের ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
আরববাংলা টিভি