ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মোল্যাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মনিরুজ্জামান মোল্যা উপজেলাটির সোনাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন।
শনিবার দুপুরে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ‘সালথা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে আপনার বিরুদ্ধে সংগঠন বিরোধী কর্মকাণ্ড প্রমাণিত হওয়ায় আপনাকে সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হইয়াছে। এই সিদ্ধান্ত আজ ২৫ মার্চ থেকে কার্যকর হইবে।’
বহিষ্কার সত্যতা নিশ্চিত করে জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপন বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপে ২১ মে অনুষ্ঠিত সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেন মনিরুজ্জামান মোল্যা। এজন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’