নীলফামারীর বন্ধ থাকা ঐতিহাসিক দারোয়ানী রেলস্টেশন দ্রুত চালু করা এবং সেখানে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করার জোরালো দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ক্ষুব্ধ স্থানীয় সাধারণ মানুষ। বুধবার সকাল ৭টা থেকে এই অবরোধ কর্মসূচি শুরু হয়, যা দীর্ঘক্ষণ ধরে চলে এবং এর ফলে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।
স্থানীয় এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই স্টেশনটি বন্ধ থাকায় এই অঞ্চলের সাধারণ মানুষকে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দারোয়ানী স্টেশনের আশপাশের এলাকার বাসিন্দারা ও শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াতের জন্য ট্রেনকে বেছে নিলেও স্টেশনটি সচল না থাকায় তাদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বর্তমান জনবহুল এই এলাকায় অবিলম্বে স্টেশনটি পুনরায় চালু করা এবং ঢাকাগামীসহ বিভিন্ন আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছে সর্বস্তরের জনগণ।
খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যান উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনরত স্থানীয় লোকজনের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং তাদের দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করার আশ্বাস দেন। প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে এবং জনদুর্ভোগ এড়াতে স্থানীয়রা পরবর্তীতে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন। এরপর রেললাইন থেকে জনতা সরে গেলে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়। সংশ্লিষ্ট কতৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে বিষয়টি নিয়ে খুব শীঘ্রই রেলওয়ের উর্ধ্বতন মহলে আলোচনা করা হবে।
আরববাংলা টিভি/ডেস্ক