কক্সবাজারের হিমছড়ি এলাকার সৈকতে গোসলে নেমে মর্মান্তিকভাবে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন, যাদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও লাইফগার্ড কর্মীরা। বুধবার সন্ধ্যায় মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে এই দুর্ঘটনা ঘটে। নিহত ও নিখোঁজ পর্যটকরা দেশের বিভিন্ন স্থান থেকে কক্সবাজার বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সমুদ্রের জোয়ারের সময় কয়েকজন পর্যটক দলবেধে সৈকতে নেমেছিলেন। একপর্যায়ে উত্তাল ঢেউয়ের টানে তারা গভীর সমুদ্রে তলিয়ে যেতে শুরু করেন। বিষয়টি আশপাশের মানুষের নজরে আসলে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু হয়। পরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয় এবং একজনকে জীবিত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। তবে প্রবল ঢেউয়ের কারণে অন্য দুই পর্যটককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি এবং তারা এখনও নিখোঁজ রয়েছেন।
ঘটনার পরপরই ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন ও স্থানীয় উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। নিখোঁজ পর্যটকদের উদ্ধারে সমুদ্রে স্পিডবোট নিয়ে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা সত্ত্বেও পর্যটকরা অনেক সময় ঝুঁকিপূর্ণ পয়েন্টে নেমে পড়েন বলে অভিযোগ রয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর পর্যটন নগরী কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা ও সতর্কতা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। সমুদ্র সৈকতে নামার সময় পর্যটকদের আরও বেশি সচেতন হওয়ার এবং নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আরববাংলা টিভি/ডেস্ক