বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

মালিবাগ ফ্লাইওভারে বাসে আগুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ১১:০২ am

রাজধানীর মালিবাগ ফ্লাইওভারের ওপরে বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ফ্লাইওভারে এ আগুনের ঘটনা ঘটে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ফ্লাইওভারের নিচের রাস্তায় পুলিশের ব্যারিকেড আর বিএনপি কর্মীদের সংঘর্ষের কারণে বলাকা পরিবহনের বাসটি ফ্লাইওভারের ওপর দিয়ে রামপুরা সড়কে চলে যেতে চায়। কিন্তু মৌচাক মোড়ের ঠিক ওপরে লাঠিসোঁটা হাতে একদল যুবক বাসের গতিরোধ করে ভাঙচুর শুরু করেন। এসময় বাসে থাকা যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে যান। একপর্যায়ে হামলাকারীরা বাসে আগুন দেন।

এর আগে দুপুর আড়াইটার দিকে পুলিশি বাধার মুখে বিএনপির নয়াপল্টনের সমাবেশ পণ্ড হয়ে যায়। ধাওয়া খেয়ে নেতাকর্মীরা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে নয়াপল্টন এবং রাজধানীর অন্যান্য স্থানে বিএনপি-পুলিশ-আওয়ামী লীগ ত্রিমুখী সংঘর্ষ হয়। এসব ঘটনায় বিএনপির বহু নেতাকর্মীর পাশাপাশি পুলিশ ও সাংবাদিকরা আহত হয়েছেন। পুলিশ দাবি করেছে, তাদের ৪১ জন সদস্য আহত হয়েছেন।

কয়েক সপ্তাহ আগে আজ ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ কর্মসূচির ডাক দিয়েছিল বিএনপি। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত ছিল। বিএনপির মহাসমাবেশের পাল্টা হিসেবে রাজধানীতে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সেই সমাবেশ বিকেল ৪টা পর্যন্ত চলছিল।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD