রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে ৮ অক্টোবর থেকে শুরু হয়েছে রুপালি ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ উপলক্ষে শুরু হয়েছে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ও মৎস্য বিভাগের পক্ষ থেকে নদীতে সব ধরনের মাছ ধরার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার কারণে নদীর তীরবর্তী এলাকার হাজার হাজার জেলে পরিবার পড়েছেন চরম আর্থিক সংকটে ও দুশ্চিন্তায়।
এ সময় সাগরের নোনা পানি থেকে নদীর মিঠাপানিতে ডিম ছাড়তে আসা মা ইলিশ রক্ষার্থে প্রশাসন দিনরাত টহল পরিচালনা করছে। পদ্মাপাড়ের জেলেদের প্রধান জীবিকা নির্বাহের মাধ্যম এই নদীতে মাছ শিকার। কিন্তু ২২ দিনের এই নিষেধাজ্ঞার সময় কোনো বিকল্প কর্মসংস্থান না থাকায় তাদের দিন কাটছে মানবেতর জীবনযাপন করে। ঘাটে ঘাটে সারিবদ্ধভাবে নৌকাগুলো নোঙর করে রাখা হয়েছে, আর বেকার সময় পার করছেন জেলেরা।
স্থানীয় জেলেরা গণমাধ্যমকে জানান, সরকারিভাবে যে খাদ্য সহায়তা দেওয়া হয় তা প্রয়োজনের তুলনায় খুবই কম এবং সময়মতো তা পৌঁছায় না। ফলে এই দীর্ঘ সময়ে সংসার চালানো তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক জেলে বাধ্য হয়ে দাদন ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিয়ে কোনোমতে দিন কাটাচ্ছেন। অন্যদিকে, নিষেধাজ্ঞা সফল করতে প্রশাসন ও মৎস্য বিভাগ কঠোর অবস্থান নিয়েছে, যাতে কেউ আইন অমান্য করে নদীতে নামতে না পারে।
আরববাংলা টিভি/ডেস্ক