বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মহলের কঠোর নজরদারির মধ্যেও এক শ্রেণির অসাধু চক্রের কারসাজিতে বোতলজাত ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে জোরালো অভিযোগ উঠেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট লক্ষ্য করা যাচ্ছে। অনেক দোকানেই ক্রেতারা চাহিদা অনুযায়ী পছন্দের ব্রান্ডের বোতলজাত তেল পাচ্ছেন না। কোথাও কোথাও তেল মিললেও তা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারণ ভোক্তারা।
খুচরা বিক্রেতা ও ডিলারদের ভাষ্যমতে, ভোজ্যতেল উৎপাদনকারী শীর্ষস্থানীয় কোম্পানিগুলো তেলের দাম আরও বাড়ানোর উদ্দেশ্যে জেনেশুনেই বাজারে সরবরাহ কমিয়ে দিয়েছে। কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাদের জিম্মি করে অতিরিক্ত মুনাফা তুলে নেওয়াই তাদের মূল উদ্দেশ্য। তবে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পক্ষ থেকে দাম বাড়ানোর বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সাধারণ মানুষের নিত্যদিনের এই কষ্ট লাঘবে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন অর্থনীতিবিদ ও সচেতন নাগরিক সমাজ।
আরববাংলা টিভি/ডেস্ক